রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস ও ৩২ টাকা হালি ডিম বিক্রি করবে সরকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
পবিত্র রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজানকেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাশ্রয়ী দামে প্রক্রিয়াজাত মুরগির মাংস, দুধ ও ডিম বিক্রির ঘোষণাও দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, রমজান মাসে প্রতি কেজি প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যের পণ্য বিক্রির স্থান বাড়ানো হবে। তার নির্দেশনায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার প্রতিবছরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সরবরাহকারী অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।