তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? -প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী বলেন, তেলের অভাবে কারও গাড়ি বন্ধ হয়েছে কি না তা খতিয়ে দেখা উচিত। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিল। কিন্তু তেল কেনার পরিমাণ ও সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগেই তেল শেষ হয়ে গেছে। আমরা বারবার বলছি, তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?’

মঙ্গলবার সকালে রাজধানীর সচিবালয়ে ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মন্ত্রী আরও বলেন, ‘ঈদের সময় যারা বাড়িতে গেছেন, তাদের কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? ঈদে কোনো অসুবিধা হয়নি। মানুষকে বোঝাতে হবে, অকারণে তেল মজুত করার কোনো দরকার নেই। সংকট আমরা তৈরি করি নি; আমরা তেল আমদানি করি। পৃথিবীতে সমস্যা আছে, তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় দেখেনা, তা এনার্জি কমিশনের দায়িত্ব। আমরা এখনও দাম বাড়াইনি।’

মানুষ লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না—এ বিষয়ে মন্ত্রী জানান, ‘সমস্যাটা হলো, আগে যেভাবে ট্যাংক-লরি তেল ভরতো, সারাদিন বিক্রি হলেও তেল উদ্বৃত্ত থাকতো। কিন্তু এখন লাইন দিয়ে বিক্রি করার পর উদ্বৃত্ত থাকে না। ডিপো থেকে তেল ট্রাক যোগাতে সময় লাগে, এজন্য সকালবেলা তেল কম থাকে, পরে তা আসে।’

তিনি বলেন, ‘ডিমান্ড হঠাৎ বেড়ে গেছে। যারা সারাদিনে বিক্রি করতো, সেই তেল তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে তেলে লাইন থাকবে, কেউ পাবে না—এটি স্বাভাবিক কিছু।’

সরকার আবার রেশনিংয়ের পথে যাবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখন এটা বলা সম্ভব নয়।’

তিনি জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত তেল নেবেন না। এতে আমরা সরবরাহ ঠিক রাখতে পারব। তেল আছে, আপনারা তেল পাবেন।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970