জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, জানালেন মন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জ্বালানি তেলের দাম প্রতি মাসে পর্যালোচনা করা হয় এবং এটি সমন্বয়ের একটি নিয়মের অধীনে পরিচালিত হয়।
মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে কি না, তা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৯৪৪ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। এপ্রিল মাসের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে।