সরকারি চাকরিজীবীদের মতো বেতন-ভাতা পাবেন ২ লাখ শিক্ষক-কর্মচারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
টানা আন্দোলন, অনশন ও মৃত্যুর পর বেসরকারি নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। সরকার নতুন করে এক হাজার ৫০০ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সারা দেশে প্রায় দেড় থেকে দুই লাখ শিক্ষক ও কর্মচারী সরকারি বেতন ও ভাতার আওতায় আসবেন।
শিক্ষা মন্ত্রণালয় এই কার্যক্রম আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পন্ন করতে চায়। চলতি অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় এমপিওভুক্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাব ও তদবিরমুক্ত রাখার জন্য কিছু সংশোধনী আনা হয়েছে।
নতুন এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন ১৪ থেকে ২৫ জানুয়ারি নেওয়া হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ‘Online MPO Application’ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। পুরো প্রক্রিয়া ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক সংখ্যা, পরীক্ষার ফলাফল ও অবকাঠামোগত সক্ষমতার ভিত্তিতে স্কোরিং করে প্রাথমিকভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), বুয়েটসহ আইটি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে চূড়ান্ত কমিটি অনুমোদন দেবে। এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান জানান, যোগ্য প্রতিষ্ঠানগুলো নিয়মিত এমপিওভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাজেটে যে বরাদ্দ আছে, তা দিয়ে যতগুলো প্রতিষ্ঠান সম্ভব এমপিওভুক্ত করা হবে।
চলতি অর্থবছরে এমপিও খাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা, যার মধ্যে ২৫০ কোটি টাকা স্কুল ও কলেজ, ৫০ কোটি টাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। প্রথম ধাপে ১ হাজার ৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। বাকি প্রতিষ্ঠানগুলোকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে এবং অর্থের প্রাপ্যতা অনুযায়ী পরবর্তী ধাপে এমপিওভুক্ত করা হবে।
সর্বশেষ ২০২১ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর নীতিমালার বাইরে ৭১টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে সমালোচনা হয় এবং দীর্ঘ সময় নতুন কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।