দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির অগ্নি-সতর্কতা নির্দেশনা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
দেশজুড়ে সম্প্রতি অগ্নিকাণ্ড ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা ও প্লাগ খুলে রাখার বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) মাউশি থেকে জারি করা এক নোটিশ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়। নোটিশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিদুর্ঘটনাসহ নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তাই এসব দুর্ঘটনা প্রতিরোধে অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস বা কক্ষ ত্যাগের সময় নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে—
নিজের কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে।
এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখতে হবে।
অধিদপ্তর মনে করছে, নিয়মিত এই সতর্কতা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।