নুরের দলে যোগ দেয়া সেই ‘মডেল’ মেঘনা আলম এখন রাজনৈতিক প্রশিক্ষক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
মডেল মেঘনা আলম এখন পেশায় রাজনৈতিক প্রশিক্ষক। তার কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাব। তবে আয়ের মূল উৎস তার ব্যবসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানার এলাকার ভোটাররা ভোট দেবেন।
মেঘনা আলম ২৮ ডিসেম্বর গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তার শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সনদপ্রাপ্ত।
হলফনামায় আয়ের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বছরে ৫ লাখ ৩০ হাজার টাকা আয় হয়। নগদ টাকা আছে ২২ হাজার ৪৬৮ টাকা। সিটি ব্যাংকে ১ লাখ ১৫ হাজার টাকার এফডিআর রয়েছে। ক্রেডিট কার্ডে দায় ১ লাখ ৫ হাজার ৮৭ টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ৩৮১ টাকা, আয়কর দিয়েছেন ৮ হাজার টাকা। এছাড়া তার অকৃষি জমি আছে মাত্র ০.৬৫২৫ শতাংশ।
ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-৮ আসনে মেঘনা আলম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।