স্কুল জীবনে তিনবার ফেল করেছিলেন অক্ষয় কুমার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম
বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার স্কুল জীবনের এক অজানা তথ্য প্রকাশ করেছেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি জানান, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনি মোট তিনবার পরীক্ষায় ফেল করেছিলেন।
পর্দার জনপ্রিয় এই অভিনেতা, যিনি ‘খিলাড়ি’ নামেও পরিচিত, নিজের ছাত্রজীবনের এমন অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের অবাক করেছেন।
বর্তমানে অক্ষয় কুমার একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করছেন। শো চলাকালীন তিনি তার শৈশবের বন্ধু জিনেশের সঙ্গেও দর্শকদের পরিচয় করিয়ে দেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন, স্কুলজীবনে তিনি ছিলেন ব্যাকবেঞ্চার এবং পড়াশোনায় পাস করা তার জন্য বেশ কঠিন ছিল।
অক্ষয় জানান, জিনেশের সঙ্গে তার বন্ধুত্ব শুরু হয় কিন্ডারগার্টেন থেকে। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কেজি থেকে নবম শ্রেণি পর্যন্ত তারা তিনবার ফেল করেছিলেন।
আড্ডার ছলে তিনি আরও জানান, পড়াশোনার চেয়ে দুষ্টুমিতে তারা বেশি দক্ষ ছিলেন। তার বন্ধু জিনেশ মেয়েদের দেখার জন্য পুরো শহর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন বলেও মজার ছলে উল্লেখ করেন অক্ষয়।
বর্তমানে অক্ষয় কুমার তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।