ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
বলিউড তারকাদের নিয়ে ভক্তদের প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভির মন্তব্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি প্রকাশ্যে জানিয়েছেন- অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করতে চান।
সম্প্রতি এক পডকাস্টে কাভি দাবি করেন, অভিষেক–ঐশ্বরিয়া দম্পতির মধ্যে নাকি নানা সমস্যা চলছে, এবং “বিবাহবিচ্ছেদ হলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন” এমন কথাও বলেন তিনি। যদিও তিনি আবার বলেন, “আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি এমনটা হয়, তাহলে নিশ্চিতভাবেই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
পডকাস্টে সঞ্চালক প্রশ্ন করেন- একজন অমুসলিমকে তিনি কীভাবে বিয়ে করবেন? জবাবে মুফতি কাভি বলেন, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা রাই’।

এই মন্তব্য অনলাইনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনরা একজন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে এমন অনুপযুক্ত ও অযাচিত মন্তব্য করায় মুফতি কাভির তীব্র সমালোচনা করছেন।
ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন শোনা গেলেও তারা কখনোই এসব নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যায়।
উল্লেখ্য, মুফতি আবদুল কাভি এর আগেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য আলোচিত হয়েছেন। এমনকি তিনি রাখি সাওয়ান্তকে বিয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং দাবি করেছিলেন তার পরামর্শেই রাখি নাকি ‘ফাতিমা’ নাম গ্রহণ করেছেন।