দেশে প্রাণঘাতী নতুন ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ এএম

ছবি: সংগৃহীত

দেশে সম্প্রতি শনাক্ত হওয়া এক রহস্যজনক রোগের পেছনে নিপাহ ভাইরাস নয়, বরং বাদুড়বাহিত একটি নতুন ভাইরাস দায়ী—এমন তথ্য উঠে এসেছে সর্বশেষ গবেষণায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, আক্রান্তরা প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি)-এ সংক্রমিত ছিলেন, যা মানুষের জন্য মারাত্মক স্নায়ুবিক ও শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।

গবেষণায় বলা হয়, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যার মতো উপসর্গ দেখা যায়। আক্রান্ত সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়ও খেয়ে থাকে এবং আগে নিপাহ ভাইরাস সংক্রমণের একটি পরিচিত মাধ্যম হিসেবে বিবেচিত।

প্রথমদিকে রোগটিকে নিপাহ ভাইরাসজনিত বলে সন্দেহ করা হলেও পরীক্ষায় দেখা যায়, কারও শরীরেই নিপাহ ভাইরাসের উপস্থিতি নেই। কয়েক সপ্তাহ চিকিৎসার পর সবাই হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘদিন ধরে তীব্র দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলার সমস্যায় ভুগছিলেন। তাদের মধ্যে একজন ২০২৪ সালে মারা যান, যার সুনির্দিষ্ট স্নায়ুবিক মৃত্যুকারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, এই রোগের প্রকৃত কারণ প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি)। গবেষকদের আশঙ্কা, ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নতুন ধরনের জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রোগতত্ত্বীয় নজরদারি জোরদার, দ্রুত গবেষণা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত সুরক্ষা মেনে চলা, নিরাপদ খাদ্যাভ্যাস বজায় রাখা এবং কোনো সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970