চিকিৎসকের ১২,৯৮০ শূন্যপদ: ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ সকলকে নিয়োগের দাবি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

 

দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১২,৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এই শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. মো. আল মুনতাসির বলেন, “বর্তমানে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক শূন্যপদের কারণে সাধারণ জনগণ পর্যাপ্ত সেবা পাচ্ছে না। ধনী মানুষ বেসরকারি হাসপাতাল বা বিদেশে চিকিৎসা নিতে পারলেও, সাধারণ মানুষ শুধুমাত্র সরকারি স্বাস্থ্যসেবা নির্ভর। পদ শূন্য রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। চিকিৎসক ও নার্স নিয়োগ তার অন্যতম অংশ। ইতিমধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার ১২০ জনকে সহকারী সার্জন পদে সুপারিশ করা হয়েছে। তবে পূর্ববর্তী ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায়, কিছু প্রার্থী এই ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিশেষ এই বিসিএসে প্রায় এক হাজার ৫০০ জন প্রার্থী পূর্ববর্তী বিসিএসগুলোর নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষমাণ রয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৪৪তম থেকে ৪৮তম বিসিএসে মোট সাত হাজার ৩৪৬টি পদ থাকলেও, পূর্ববর্তী বিসিএসগুলোর নিয়োগ শেষ না হওয়ায় ৪৮তম থেকে নিয়োগ দিলে আনুমানিক দুই হাজার ২০০ জন পূর্বের বিসিএসে অপেক্ষমাণ প্রার্থী পদে যোগ দেবেন। এতে ৪৮তম বিশেষ বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং চিকিৎসক সংকট সমাধান হবে না।

এছাড়া, স্বাস্থ্য উপদেষ্টার তথ্য অনুযায়ী, আরও তিন হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৪৮তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু বা পদত্যাগের কারণে শূন্যপদের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশী চিকিৎসকেরা দাবি করেন, যেহেতু ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ প্রক্রিয়া চলমান এবং চূড়ান্ত গেজেট প্রকাশের আগে তিন হাজার শূন্যপদে নিয়োগ চাহিদাপত্র পাঠানো হয়েছে, তাই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক।

তাদের মতে, এখনও ৪৪তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। তাই ৫০তম বিসিএসের চূড়ান্ত নিয়োগও নিকট ভবিষ্যতে সম্ভব নয়। এমতাবস্থায় সহকারী সার্জন পদে পর্যাপ্ত শূন্যপদ থাকায় এবং পূর্ববর্তী বিসিএসগুলোর দীর্ঘসূত্রিতা বিবেচনায় রেখে, ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ সকল প্রার্থীদের নিয়োগ দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর আবেদন জানানো হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970