করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় ২০২০-২১ অর্থবছর থেকে সরকার ভ্যাকসিন ও অন্যান্য করোনা সরঞ্জাম কেনার জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এর মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য সিরিঞ্জ ক্রয়ে খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিবহন খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা ৩৫৪ এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা ব্যয় হয়েছে।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে, ভ্যাকসিন ক্রয় ও সংরক্ষণে কোনো অনিয়ম বা দুর্নীতি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ মন্ত্রণালয়ে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সরকার সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970