২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, সারাদেশে বাড়ছে সংক্রমণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৩৬ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সদৃশ উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গিয়েছিল।
রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে সারাদেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। অন্যদিকে উপসর্গ নিয়ে বরিশালে ২ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকায় ৪ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৫০ শিশু।
এছাড়া ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন।
এই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছে আরও ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক, তাই শিশুদের সুরক্ষায় সতর্কতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।