বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

দেশে ১ কোটি ৩৮ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত

আজ (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে পালিত হবে। এবারের প্রতিপাদ্য– “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৬ সালে বাংলাদেশ সরকার জাতিসংঘে দিবসটি পালনের প্রস্তাব দেয়, যা ২০ ডিসেম্বর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আইডিএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে ১৩.২ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ দেশের ১১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৫০০ প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪০০ জন ডায়াবেটিসে ভুগছেন। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ জানায়, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করছেন এবং একই সময়ে দুইজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত প্লাকার্ড হাতে রোড শো অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় স্বল্পমূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার পরীক্ষা করা হবে।

আগামীকাল (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা হবে। বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970