ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৭৮

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে দেশে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৮ জন নতুন রোগী। চলতি বছরের অন্যতম বেশি প্রাণহানির দিন এটি।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৬৪ জনে। গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ৭৭৮ রোগীর মধ্যে—বরিশালে ৮৩, চট্টগ্রামে ১৩৪, ঢাকার বাইরে ১২১, ঢাকা উত্তর সিটিতে ১২৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১, খুলনায় ১১২, ময়মনসিংহে ৪৪, রাজশাহীতে ৪৮, রংপুরে ১৯ এবং সিলেটে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন।
অন্যদিকে গত একদিনে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১১ জন, ফলে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৪২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970