ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, একদিনে হাসপাতালে ৬৩৬
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গুতে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে। একই সময়ে নতুন করে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। অন্যদিকে হাসপাতালে ভর্তির হিসাব অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি ১৪৭ জন রোগী ভর্তি হয়েছেন।
দেশজুড়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, বরিশালে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনায় ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, সিলেটে ৯ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৩৮২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে—১৭৫ জন। ঢাকা উত্তর সিটিতে মারা গেছেন ৬১ জন, বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রামে ৩১ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৪০২ জন। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে সর্বোচ্চ ২০ হাজার ৬৫৬ জন রোগী শনাক্ত হয়েছে, আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে—৩৭৬ জন।