আবারও নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ এএম

নার্গিস মোহাম্মদী। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে ফের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার ফাউন্ডেশনের বরাতে জানা গেছে, ৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহকর্মীদের সঙ্গে আটক করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। গ্রেফতারের খবরে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার পর নোবেল কমিটি এক বিবৃতিতে নার্গিস মোহাম্মদীর ‘নৃশংস গ্রেফতার’-এ গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষের কাছে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ইরানে নারী নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। দীর্ঘদিন তেহরানের এভিন কারাগারে বন্দি থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে তিন সপ্তাহের অস্থায়ী মুক্তি দেওয়া হয়েছিল।

সম্প্রতি তার আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় যোগ দিতে গিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। ওই আইনজীবীর মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’।

গ্রেফতারের সময় নার্গিস মোহাম্মদীর সঙ্গে আরও কয়েকজন অধিকারকর্মীকেও আটক করা হয়। তারা ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নার্গিস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বিবিসিকে বলেন, তাকে সহিংসভাবে আটক করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। এর আগে তিনি ইরানে দমন-পীড়ন বেড়ে যাওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক গণমাধ্যমে লেখালেখিও করেন।

বাধ্যতামূলক হিজাব প্রত্যাখ্যান এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ায় বারবার শাস্তির মুখে পড়েছেন নার্গিস মোহাম্মদী। এখন পর্যন্ত তাকে ১৩ বার গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970