যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের সবাই গ্রেগ বিফেলের পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় পুলিশ।
আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি একটি সেসনা ৫৫০ বিজনেস জেট। বিমানটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনি নিজেই এর মালিক ছিলেন। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে বিফেল ও তার পরিবারের সদস্যরা যাত্রা শুরু করেন।
তবে উড্ডয়নের কিছুক্ষণ পর খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানায়, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে যাওয়া বিমান থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা মোটরগাড়ি রেসার। প্রায় ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯টি শিরোপা জেতেন। ২০২২ সালে তিনি পেশাদার রেসিং থেকে অবসর নেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার)-এর প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও গ্রেগ বিফেলের নাম রয়েছে।
বিমান দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।