বাংলাদেশ মিশন ঘিরে হিন্দু জঙ্গিদের তাণ্ডব, ঢাকা-দিল্লি উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে ধারাবাহিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কূটনীতিকদের হত্যার হুমকির ঘটনায় দুই দেশের সম্পর্ক স্মরণকালের সবচেয়ে নাজুক পর্যায়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ঢাকা।

নয়াদিল্লি, কলকাতা ও শিলিগুড়িসহ বিভিন্ন শহরে বাংলাদেশ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের সহিংস বিক্ষোভকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে বাংলাদেশ সরকার। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভয়ভীতি প্রদর্শন আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনীতিকদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার পরিপন্থী।

গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের শত শত কর্মী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ এবং বাংলাদেশবিরোধী উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে এবং হাইকমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

একই দিনে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে কলকাতা পুলিশের সদর দপ্তরে নেওয়া হয়।

এছাড়া শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারেও হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। উগ্রবাদী কর্মীরা ভিসা সেন্টারের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ ও তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানিয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক দায়বদ্ধতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নয়াদিল্লি দ্রুত উদ্যোগ নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, সাম্প্রতিক এসব হামলা ও হুমকির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভিসা সেবা স্থগিত রেখেছে। ধারাবাহিক এসব ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970