বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
তুরস্ক থেকে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দবেইবা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে সেনাপ্রধান আল-হাদ্দাদের পাশাপাশি রয়েছেন স্থলবাহিনীর চিফ অব স্টাফ, সামরিক শিল্প কর্তৃপক্ষের প্রধান, সেনাপ্রধানের একজন উপদেষ্টা এবং সামরিক মিডিয়া অফিসের একজন আলোকচিত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী দবেইবা গভীর শোক প্রকাশ করে বলেন, অত্যন্ত বেদনাবিধুর মন নিয়ে তিনি এই দুঃসংবাদ পেয়েছেন। তিনি নিহতদের মৃত্যু লিবিয়ার জাতি ও সশস্ত্র বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। পাশাপাশি নিহতদের পরিবার, সামরিক সহকর্মী ও সমগ্র লিবিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার উদ্দেশে যাত্রা করা ফ্যালকন-৫০ মডেলের একটি প্রাইভেট জেটের ধ্বংসাবশেষ আঙ্কারার হায়মানা জেলায় পাওয়া গেছে। ওই বিমানে আল-হাদ্দাদসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।
মন্ত্রী জানান, এসেনবোবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে জেটটি উড্ডয়ন করে এবং রাত ৮টা ৫২ মিনিটে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে বিমানটি জরুরি অবতরণের সংকেত পাঠালেও পরবর্তীতে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
তুর্কি গণমাধ্যম এনটিভি জানায়, ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আঙ্কারার আকাশসীমায় থাকা কয়েকটি ফ্লাইট অন্যদিকে সরিয়ে নেওয়া হয়।