ভারতে খ্রিষ্টানদের বড়দিন উদযাপনে বাধা, সাজসজ্জা ভাঙচুর ও আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
ভারতে খ্রিষ্টানদের বড়দিন উদযাপনে আবারও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আসামের নালবাড়ি জেলায় বড়দিন উপলক্ষে করা সাজসজ্জা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) নালবাড়ির পানিগাঁও গ্রামের সেন্ট মেরিস স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে একদল ব্যক্তি বড়দিনের সাজসজ্জা ও পোস্টার ছিঁড়ে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনই প্রকাশিত একটি ভিডিওতে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে সাজসজ্জায় আগুন দিতে দেখা যায়।
একই দিনে জেলার আরেকটি ঘটনায় ১৫ থেকে ২০ জন বজরং দলের সদস্য একটি দোকানে রাখা বড়দিনের সাজসজ্জার সামগ্রী পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম আসাম লাইভের খবরে বলা হয়, দোকানদারকে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। দোকানদারের দাবি, তিনি বড়দিনের সামগ্রী বিক্রিতে কোনো নিষেধাজ্ঞার কথা জানতেন না।
এদিকে বড়দিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে খ্রিষ্টানদের ওপর হামলা ও উৎসব ব্যাহত করার একাধিক অভিযোগ সামনে এসেছে। কেরালার পালাক্কাড় জেলায় ক্যারল গান গাওয়ার সময় শিশুদের একটি দলের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গার তীরে রাজ্য পর্যটন দপ্তর পরিচালিত একটি হোটেল বড়দিনের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। গঙ্গা সভার ডাকে হওয়া প্রতিবাদের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
এ ছাড়া দিল্লির লাজপত নগরে সান্তা ক্লজের টুপি পরা নারী ও শিশুদের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রূপ নেয়নি।
এর আগে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া বড়দিনের আগে খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, এসব ঘটনা সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি।