কানাডায় বসবাসের বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:২৮ এএম

ছবি: সংগৃহীত

কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ অবস্থান হারানোর ঝুঁকিতে পড়েছেন। কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা কিংবা স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ ক্রমশ সংকুচিত হয়ে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

মিসিসাগাভিত্তিক অভিবাসন বিশ্লেষক কানওয়ার সিরাহ কানাডার অভিবাসন দপ্তর (আইআরসিসি) থেকে সংগৃহীত তথ্যের বরাতে জানান, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯ লাখ ২৭ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এই পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন অবস্থায় পড়ে যেতে পারেন। এর মধ্যে অন্তত অর্ধেকই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

কানাডা সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিও এই সংকটকে আরও তীব্র করেছে। অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে, তাদের সামনে বৈধভাবে থাকার বিকল্প পথ সীমিত হয়ে পড়ছে।

কানওয়ার সিরাহ সতর্ক করে বলেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই প্রায় ৩ লাখ ১৫ হাজার মানুষের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে, যা কানাডার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের চাপ ও স্থবিরতা তৈরি করতে পারে।

ইতোমধ্যে এই সংকটের সামাজিক প্রভাবও দৃশ্যমান হতে শুরু করেছে। বৃহত্তর টরন্টো অঞ্চলের ব্র্যাম্পটন ও ক্যালেডন এলাকায় নথিপত্রহীন অভিবাসীদের অস্থায়ী তাঁবুতে বসবাস করতে দেখা যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনেক ভারতীয় নাগরিক এখন নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি বৈধতার আশায় ভুয়া বিয়েসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন আন্দোলনের ঘোষণা দিয়েছে। ‘নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্ক’সহ একাধিক সংগঠন জানায়, জানুয়ারি মাস থেকে তারা বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচি শুরু করবে। সংগঠনগুলোর দাবি, যারা কানাডার অর্থনীতিতে শ্রম দিচ্ছেন, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া উচিত।
‘কাজের জন্য যোগ্য হলে, থাকার জন্যও যোগ্য’—এই স্লোগান সামনে রেখে তারা অভিবাসন নীতি সংস্কারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970