আসুন আমাকে তুলে নিয়ে যান: ট্রাম্পকে চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ট্রাম্পের হুমকির জবাবে পেত্রো বলেন, “আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।”

পেত্রোর এই বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আগের হুঁশিয়ারির সঙ্গে মিল রয়েছে। একসময় মাদুরোও একইভাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এর পরপরই গত শনিবার যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় বলে জানা যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুস্তাভো পেত্রো বলেন, প্রয়োজনে তিনি আবার অস্ত্র হাতে নিতে পারেন। নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করা পেত্রো একসময় বামপন্থি গেরিলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লেখেন, “আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম। তবে মাতৃভূমির প্রয়োজনে সেই সিদ্ধান্ত বদলাতে হতে পারে।”

এ সময় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় হামলা চালায় বা তাকে আটক করার চেষ্টা করে, তবে দেশজুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে।

এর আগে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘অসুস্থ মানুষ’ বলে আখ্যা দেন এবং তার বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ তোলেন। পাশাপাশি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970