এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়ে বিক্ষোভ উগ্র হিন্দুত্ববাদীদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১২ পিএম
দিল্লি ও কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশ নেতাকর্মী হঠাৎ মিশনের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ করে।
কূটনৈতিক সূত্র জানায়, বিক্ষোভকারীরা বাংলাদেশবিরোধী স্লোগান দেন এবং জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা মিশনের ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী বাধা দেয়। এতে মিশনের ভেতরে থাকা কর্মকর্তাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে মিশনের সব কর্মকর্তা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের সামনে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও সহিংস আচরণ দেখা যাচ্ছে। মুম্বাইয়ের ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এবং একটি ভিসা সেন্টারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় কলকাতার বাংলাদেশ মিশন সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছে। এর আগে দিল্লি ও আগরতলার মিশনেও এ সেবা স্থগিত করা হয়। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, কর্মসংস্থান ও ব্যবসায়িক প্রয়োজনে ভিসা কার্যক্রম এখনো চালু রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার এমন অভিযোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।