ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল দুই দেশ, চাপে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:০২ এএম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ‘হেনলি পাসপোর্ট সূচক’-এ ভারতের অবস্থান গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগোলেও এর মধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা স্থগিত করেছে দুটি দেশ। দেশ দুটি হলো মধ্যপ্রাচ্যের ইরান ও লাতিন আমেরিকার বলিভিয়া। ফলে আন্তর্জাতিক ভ্রমণে নতুন করে জটিলতায় পড়ছেন ভারতীয় পাসপোর্টধারীরা।

জানা গেছে, ইরানে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের ১৭ নভেম্বর জানায়, ভিসা অব্যাহতি ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ভারতীয় নাগরিককে চাকরি বা অন্য দেশে যাত্রার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।

এই পরিস্থিতির প্রেক্ষিতে ২০২৫ সালের ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইরানে ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করে দেশটি। বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে অবশ্যই ভিসার জন্য আবেদন করতে হচ্ছে ভারতীয় নাগরিকদের।

এ ছাড়া ইরানের মাধ্যমে ভিসামুক্ত ট্রানজিটের প্রলোভন দেখানো কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর প্রস্তাবে না জড়াতে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিসামুক্ত ভ্রমণ বলতে বোঝায়, আগেভাগে ভিসার আবেদন ছাড়াই স্বল্পমেয়াদে কোনো দেশে অবস্থানের সুযোগ। সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির আওতায় এ ধরনের সুবিধা দেওয়া হয়। তবে এতে অবস্থানের মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং বৈধ ভ্রমণ নথির মতো শর্ত প্রযোজ্য থাকে।

এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় যেতে হলেও এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় নথিপত্র আপলোড এবং ইলেকট্রনিক মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। অনুমোদিত ই-ভিসা ডিজিটালভাবে প্রদান করা হবে, যা ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে বলিভিয়া ভারতীয় নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা চালু করেছিল। সে সময় কোনো পূর্বানুমতি ছাড়াই ভারতীয়রা দেশটিতে ভ্রমণ করতে পারতেন। বিমানবন্দরে একটি ফরম পূরণ ও নির্ধারিত ফি পরিশোধ করলেই ভিসার কার্যক্রম সম্পন্ন হতো, যা কার্যত ভিসামুক্ত সুবিধার সমতুল্য ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970