ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বিমানের পাইলট এবং তার নিরাপত্তা কর্মীরাও রয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি মুম্বাই থেকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বারামতিতে অবতরণের চেষ্টা করছিল। অজিত পাওয়ারের সেখানে একাধিক গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। অবতরণের সময় হঠাৎ করে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।
জরুরি অবতরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন ভারতের একজন প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা। তিনি শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। এই দুর্ঘটনাকে মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।