পাকিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগান গণমাধ্যম টোলো নিউজ-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনী আফগান সীমান্ত এলাকায় হামলা চালায়। তালেবান কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক ড্রোন হামলা ছিল সেই ঘটনার প্রতিশোধ। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার দিনভর পাল্টাপাল্টি হামলা ও অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক। সীমান্তজুড়ে সংঘর্ষের আবহে কার্যত যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চার শতাধিক। তার ভাষ্য অনুযায়ী, আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি ও ১৩৫টি ট্যাংক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানোর কথাও জানান তিনি।
অন্যদিকে তালেবান সরকারের এক মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়। আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার কথাও জানানো হয়েছে।
তবে উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।