কুয়েতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এফ-১৫ বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
কুয়েতের আকাশে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুয়েতের আকাশে এক মার্কিন যুদ্ধবিমানে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর সেটি মাটিতে আছড়ে পড়ে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, বিধ্বস্ত হওয়ার সময় অন্তত এক পাইলট বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন, তবে এই তথ্যটি নিরপেক্ষ সূত্রে এখনও নিশ্চিত করা যায়নি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা ইরান থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের দূতাবাসের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া ওঠা দেখা গেছে। বিমান হামলার সতর্ক সংকেত পাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।
এদিকে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ইরানকে দ্রুত হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। জোটটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।