আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এই বিমান হামলা চালায়।
তিনি বলেন, প্রায় দুই হাজার শয্যার এই হাসপাতালটি মূলত মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়ে আসছিল। হামলার ফলে হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুখপাত্র আরও দাবি করেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৪০০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ২৫০ জন।
তবে এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি