ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাস এবং একটি টিপার লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার ভোরে মার্কাপুরাম এলাকায় ঘটে। নিহতদের মধ্যে কয়েকজনের শরীর আগুনে ঝলসে যায়।
মার্কাপুরামের ডেপুটি পুলিশ সুপার নাগরাজু জানান, প্রায় আটজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। এছাড়া প্রায় ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের উদ্দেশে যাচ্ছিল। সকাল প্রায় ছয়টার দিকে একটি টিপার লরির সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের ভিতরেই আটকা পড়ে দগ্ধ হন।
পুলিশ জানিয়েছে, আহতদের কাছাকাছি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ বলেন, মার্কাপুরামের কাছে এই সড়ক দুর্ঘটনায় ১৩ জন জীবন্ত দগ্ধ হওয়ার খবর পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইটি মন্ত্রী নারা লোকেশ বলেছেন, টিপার লরি ও বাসের সংঘর্ষে এত মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সূত্র: এনডিটিভি