হরমুজে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল নিয়ে যে হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে স্থাপিত ইন্টারনেট ক্যাবল ও ক্লাউড অবকাঠামোর মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ। বিষয়টিকে উপসাগরীয় আরব দেশগুলোর ডিজিটাল যোগাযোগব্যবস্থার ওপর এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে।
তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি শুধু জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ নয়, এটি সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলের একটি প্রধান করিডর হিসেবেও ব্যবহৃত হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনাবশত কিংবা পরিকল্পিতভাবে যদি একাধিক গুরুত্বপূর্ণ ক্যাবল একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো পারস্য উপসাগরজুড়ে মারাত্মক ইন্টারনেট বিভ্রাট সৃষ্টি হতে পারে।
এই প্রণালির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের মূল ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়েছে। এর আগে লোহিত সাগরে একাধিকবার সমুদ্রতলের ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অঞ্চলে ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছিল।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও অতীতে সমুদ্রতলের ক্যাবল নিয়ে হুমকি দিয়েছে বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইসরাইল