লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫, উত্তেজনা বাড়ছে যুদ্ধবিরতি ঘিরে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এতে দেশটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বুধবার দক্ষিণাঞ্চলের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রথমে দুইজন নিহত হন। পরে একই এলাকায় একটি ভবনে বিমান হামলায় এক সাংবাদিক আহত হয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ওই সাংবাদিকের নাম আমাল খলিল।

এ ঘটনায় আহত সাংবাদিক জেইনাব ফারাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা দুটি যানবাহনে হামলা চালিয়েছে, যেগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন, সেটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহতদের উদ্ধার কার্যক্রম ব্যাহত করতে সড়কেও হামলার অভিযোগ উঠেছে।

লেবাননের তথ্যমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা কখনো সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উদ্ধার কাজে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।

এর আগে গত মাসেও দক্ষিণ লেবাননে একটি চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে হামলায় তিন সাংবাদিক নিহত হন।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করেছে। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা ওই ড্রোন প্রতিহত করেছে।

গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে, আগামী রবিবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন।

এছাড়া লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলায় আরও একজন ফরাসি সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গুরুতর আহত অবস্থায় তাকে দেশে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে।

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি কোনো অরাষ্ট্রীয় পক্ষ, সম্ভবত হিজবুল্লাহর দিক থেকে চালানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970