হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম
হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক করা জাহাজগুলোকে পরে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২২ এপ্রিল) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে এ তথ্য প্রকাশ করে প্রেস টিভি।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস। এগুলো ইসরায়েলি পরিবহন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জাহাজ দুটি অনুমতি ছাড়া চলাচল করছিল এবং একাধিকবার নৌচলাচল বিধি লঙ্ঘন করেছে। এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয়। পরে সেগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে পণ্য ও নথিপত্র পরীক্ষা শুরু করা হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।