হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার আছে ইরানের: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:০২ এএম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের ওপর একতরফাভাবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেন মনে হয় দেশটি তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।
পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে তিনি বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি আরও বলেন, জলদস্যুরা যেমন জাহাজে কঙ্কাল আঁকা কালো পতাকা উড়িয়ে আক্রমণ চালায়, পশ্চিমা দেশগুলো তেমনটা সরাসরি করে না। বরং তারা তাদের বেআইনি কর্মকাণ্ডকে একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞার আড়ালে লুকানোর চেষ্টা করছে।