ইরানে হামলার জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ এএম
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত না হওয়ায় দেশটিতে সম্ভাব্য হামলার জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অনুমোদন পেলে এটি হবে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় ব্যবহারের জন্য সেনাবাহিনীর দীর্ঘদিন ধরে উন্নয়নাধীন “ডার্ক ঈগল” হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে। তাদের লক্ষ্য হলো ইরানের গভীরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হানা।
অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। তবে এই প্রকল্প নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে এগোচ্ছে। রাশিয়া ও চীন ইতোমধ্যে এ ধরনের অস্ত্র মোতায়েন করলেও যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি এখনো পুরোপুরি কার্যকর হিসেবে ঘোষণা করা হয়নি।
সূত্র জানায়, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক অস্ত্রের নাগালের বাইরে সরিয়ে নেওয়ায় এই অনুরোধ করা হয়েছে। এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ৪৮০ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা স্থায়ী হয়নি। ইরানের দাবি অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
পরবর্তীতে দুই পক্ষ আলোচনায় বসলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে গ্রহণ করবে না এবং নিজেদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।