জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ইমি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্টে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় মাইকে ভাষণ বাজানোর সময় সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী তাদের বাধা দেন।
এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ইমি এবং আরও একজনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে।
পরদিন আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।