ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক ভয়াবহ হত্যাকাণ্ডে দাদি, ফুফু ও এক প্রতিবেশীসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায়।
অভিযুক্ত আকাশ মোল্লা (৪০) একই গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন তার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, কাবুল চৌধুরী পেশায় রিকশাচালক ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশ মোল্লা কোদাল হাতে এলাকায় আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই দাদি ও ফুফুকে আঘাত করে হত্যা করে। এরপর চিৎকার শুনে এগিয়ে আসা প্রতিবেশী কাবুল চৌধুরীকেও সে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ইউনিয়ন পরিষদের সদস্য রাজ্জাক শেখ জানান, আকাশ মোল্লা আগে ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি মানসিকভাবে অস্থির প্রকৃতির ছিলেন এবং এ কারণে তার বিয়ে হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।