ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:০৬ পিএম
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। নরেন্দ্র মোদির আবুধাবি সফরের সময়ই এসব গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়।
নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির আওতায় সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায় চুক্তিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলীয় এলাকা ফুজাইরাহ সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি ওই এলাকার একটি তেল শোধনাগারে হামলায় তিন ভারতীয় শ্রমিক আহত হন।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। সমঝোতা অনুযায়ী, ফুজাইরাহ এলাকায় সংরক্ষিত অপরিশোধিত তেলের একটি অংশ ভারতের কৌশলগত পেট্রোলিয়াম মজুদের আওতায় থাকবে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। গত ২৫ বছরে দেশটি ভারতের সপ্তম বৃহত্তম বিনিয়োগকারী হিসেবেও অবস্থান তৈরি করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৫ লাখের বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন।
নরেন্দ্র মোদির ছয় দিনের বিদেশ সফরের প্রথম অংশে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে।