ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা এবং সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ড কার্যকর হওয়ার কয়েকদিন আগে শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সুপ্রিম কোর্টের অনুরোধের ভিত্তিতে বলসোনারোর বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। বিষয়টি সরাসরি গণমাধ্যম সিএনএনেও নিশ্চিত করা হয়েছে। সূত্র অনুযায়ী, বলসোনারোর বড় ছেলে, সিনেটর ফ্লাভিও বলসোনারো, সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে একটি সমাবেশ আয়োজন করেছিলেন। সেই সমাবেশের পরই গ্রেপ্তারি পরোয়ানার উদ্যোগ নেওয়া হয়।
জেয়ার বলসোনারো ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। নির্বাচনের পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টা এবং রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর প্রচেষ্টার অভিযোগে চলতি বছরের শুরুতে তাকে কারাদণ্ড দেওয়া হয়। ব্রাজিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চের মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।
অভিযোগে আরও বলা হয়েছে, বলসোনারো একটি সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং জোরপূর্বক গণতন্ত্রকে বাতিল করার চেষ্টা করেছিলেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালানোর ঘটনাটির পর এই অভিযোগ আরও শক্ত হয়।
তবে বলসোনারো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা গঠিত হয়েছে।