জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্টের রায়

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও সব রাজনৈতিক দলকে নিজ নিজ প্রতীকে ভোটে অংশ নিতে হবে—এমন বিধান নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে জোট করলেও দলীয় প্রতীক পরিবর্তনের আর সুযোগ থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। দুপুর আড়াইটা থেকে টানা তিন ঘণ্টা সাড়ে পাঁচটা পর্যন্ত শুনানি শেষে এ রুল খারিজ করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার রেশাদ ইমাম ও ব্যারিস্টার সাহেদুল আজম। অন্যদিকে এনসিপির পক্ষে রিটের বিরোধিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আজমল হোসেন ও অ্যাডভোকেট নাজমুস সাকিব। কংগ্রেসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

এর আগে ১ ডিসেম্বর হাইকোর্ট জোটবদ্ধ নির্বাচন হলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে। নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন। রিটে বলা হয়, জোটভুক্ত একাধিক দলকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে—এমন বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)–এর সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন করে নতুন বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করে। এর আগে রাজনৈতিক দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে পারত। প্রস্তাবিত সংশোধন নিয়ে বিএনপিসহ কয়েকটি দল আপত্তি জানালেও শেষ পর্যন্ত সরকার তা বহাল রাখে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970