শেখ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন, যেখানে মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়। বিচার চলাকালে আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

এ মামলায় শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব এবং রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন আদালত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970