জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাব আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ওই সময়ের আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল।
আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেওয়া হয়, এবং তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।