পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামির পক্ষে লড়বেন জেড আই খান পান্না
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম
আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে পলাতক আসামিদের রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রবিবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তায় সকালে সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার মোট আসামি ৩০ জনের মধ্যে অন্তত ১০ জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে, বাকিরা পলাতক।
হাজির হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, ব্রিগেডিয়ার মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মশিউর রহমান, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।
ট্রাইব্যুনাল এলাকা ও সুপ্রিম কোর্টকে ঘিরে দিনভর কড়া নিরাপত্তা দেখা গেছে। পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
গত ৮ অক্টোবর দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পরই ট্রাইব্যুনাল ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পলাতক আসামিদের হাজিরে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়। অপর মামলাটি জেআইসি বা আয়নাঘরে গুমের ঘটনা নিয়ে, যেখানে শেখ হাসিনা, তারিক সিদ্দিকসহ সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে। জেআইসি মামলার বেশিরভাগ আসামিই এখনো পলাতক।