উসকানিমূলক বক্তব্য ও সন্ত্রাসী আহ্বান প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনারকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের নিয়মিত উসকানিমূলক বক্তব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে—এমন উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তাকে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশের গভীর উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে। বিষয়টিকে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন হিসেবে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার এবং বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের সহযোগিতা প্রত্যাশিত।
বৈঠকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন প্রত্যাশা ভারতের রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও তিনি জানান।