হাদিকে গুলি: শুটার ফয়সালের বাবা-মা আটক, তিন অস্ত্র ও গুলি উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনটি অস্ত্র, ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ জানায়, মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্নেল গলিতে ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা ও আশপাশের এলাকা থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন। পরে বিকেলে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। এরপর ফয়সাল ও তার সহযোগী সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পাশাপাশি ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি পুরাতন বাটন ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, ফয়সালের শ্বশুরবাড়ি নরসিংদী থেকে তার বাবা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ফয়সালের মাকে রাতে র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঘটনার পর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে—এমন তথ্যও ছড়িয়েছে। গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়, যা পরে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970