ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপড়েন আছে: পররাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের মধ্যে টানাপড়েন রয়েছে বলে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাস্তবতা মেনেই এগোতে হবে। এই সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন রয়েছে। আমরা সবসময়ই একটি ভালো ও কার্যকর কাজের পরিবেশ চেয়েছি। তবে চাইলেই যে তা বাস্তবায়ন হবে— এমন নিশ্চয়তা নেই।
তিনি বলেন, সম্পর্ক এগিয়ে নিতে দুই পক্ষেরই উদ্যোগ প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই সেই অগ্রগতি যথেষ্ট হয়নি। ফলে টানাপড়েন রয়ে গেছে। কিছু বিষয়ে বাংলাদেশের নিজস্ব অবস্থান ও আপত্তি রয়েছে বলেও জানান তিনি।
কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে দূতাবাস বা মিশন ছোট করার বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, এই মুহূর্তে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে সরকার মনে করছে না।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন নিয়মিত মূলধারার গণমাধ্যমেও কথা বলছেন। তার এসব বক্তব্যে উসকানির উপাদান রয়েছে এবং এতে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে। এ অবস্থায় তার বক্তব্য বন্ধ বা তাকে দেশে ফেরত চাওয়াকে অস্বাভাবিক মনে করার কারণ নেই।
তিনি আরও বলেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, তবে বাংলাদেশের করার কিছু নেই। তবে ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশা— নির্বাচনের প্রস্তুতিপর্বে যেন তার উসকানিমূলক বক্তব্য পরিবেশকে বিঘ্নিত না করে। ভারত এ বিষয়ে উদ্যোগ নিলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখা হবে।
সম্প্রতি ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার হুমকি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। এটি সরকারের অবস্থান নয় এবং কোনো সরকারই এমন সিদ্ধান্ত নেবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকা উল্লেখ না করার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত প্রায়ই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে। অথচ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া সেই বিজয় অর্জন সম্ভব হতো না।
এদিকে নিরাপত্তাজনিত কারণে বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়। এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কি না— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি সম্পর্কে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজ একটি নির্দিষ্ট কর্মসূচির কারণে কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে।