ক্ষতিগ্রস্ত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) তিনি উভয় পত্রিকার ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, মতের পক্ষে-বিপক্ষে অবস্থান থাকাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা, হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।
নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে—এটাই প্রত্যাশা। সরকার মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না। বরং গণমাধ্যম সরকারের চোখ হিসেবে কাজ করে। দেশ গঠনে সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশের গণতান্ত্রিক বিকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, জনগণ চায় মিডিয়া সত্য তুলে ধরুক। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে ভবিষ্যৎ সরকার শিক্ষা নেবে।
তিনি আরও বলেন, এত বড় ক্ষয়ক্ষতির পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশ অব্যাহত রাখা গণমাধ্যমকর্মীদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রমাণ। এ জন্য তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে এবং গণমাধ্যমের স্বাধীনতা অটুট থাকবে।
এ সময় ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।