বিদেশি বিনিয়োগে আগ্রহী হলে এতো ভোগান্তি কেনো, বাংলাদেশ নিয়ে চীনা ব্যবসায়ীর ক্ষোভ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে দীর্ঘ ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক চীনা ব্যবসায়ীর পোস্ট ভাইরাল হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান তার লিংকডইন প্রোফাইলে এই অভিজ্ঞতার কথা জানান।

পোস্টে চার্লি তিয়ান উল্লেখ করেন, চীনের গুয়াংজু থেকে ঢাকায় পৌঁছাতে বিমানে সময় লাগে মাত্র চার ঘণ্টা। তবে বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসার প্রক্রিয়া শেষ করতে আরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। গত তিন বছর ধরেই একই পরিস্থিতি বিরাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

তার ভাষায়, বিমানবন্দরের এই ভিসা প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও অদক্ষ। এতে করে চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক, ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশে পা রাখার শুরুতেই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।

চার্লি তিয়ান প্রশ্ন তোলেন, কোনো দেশ যদি সত্যিই বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতে আগ্রহী হয়, তাহলে প্রবেশপথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে দাঁড়াবে।

পোস্টের সঙ্গে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার ও ইমিগ্রেশন পুলিশের একটি ছবিও সংযুক্ত করেন।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করে বিমানবন্দরের সেবার মান আধুনিকায়ন এবং অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970