‘ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তিতে কে কী মনে করে তাতে কিছু যায় আসে না’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে চুক্তি করেছে বাংলাদেশ। এ চুক্তি নিয়ে অন্য কোনো বন্ধু রাষ্ট্র কী মনে করে, তা বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ যদি নিজস্ব স্বার্থে কোনো শিল্প বা কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং সেটি অন্য কোনো দেশের সহযোগিতায় বাস্তবায়ন করে, তাহলে সেখানে অন্যদের মতামত বিবেচ্য নয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। অন্য কেউ কী মনে করল, তাতে কিছু যায় আসে না। যেমন ভারত বা পাকিস্তানে কী হচ্ছে, সে বিষয়ে আমার মতামতের কোনো গুরুত্ব নেই।”
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে ঘিরে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন ও জামায়াতে ইসলামি প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি বলেন, কে নির্বাচনে জিতবে এবং কারা ক্ষমতায় আসবে—তা এখনো জানা নেই। অগ্রিম আলোচনা বা অনুমান করে লাভ নেই।
নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হবে—এমন কোনো নিশ্চিত তথ্য সরকারের কাছে নেই। তবে সংঘাত সৃষ্টির অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখাচ্ছে। ফলে কোনো বিশৃঙ্খলা হলে তা নির্বাচনে অংশ নিতে না পারা পক্ষগুলোর মাধ্যমেই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।