সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না: ধর্ম উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন করা হলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিতে হতো না। তিনি বলেন, আমাদের সমাজে এটি একটি দুঃখজনক বাস্তবতা, যা যাকাত ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম যাকাত ফেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, যাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ইসলামের ইতিহাসে দীর্ঘ এক হাজার বছর যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। তবে ব্রিটিশ ও মুঘল আমলে এসে যাকাত ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হয়ে পড়ে, ফলে এর গুরুত্ব ও কার্যকারিতা কমে যায়।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা যাকাত আদায় করে না, তাদের ঈমান প্রশ্নবিদ্ধ। যাকাত কোনো দান বা অনুগ্রহ নয়, এটি গরিবের ন্যায্য অধিকার। অথচ আমাদের সমাজে এই ফরজ ইবাদতটি অবহেলিত হচ্ছে। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব একটি গভীর দার্শনিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের তিনটি দিক রয়েছে— গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছানোর পথ এবং তা অর্জনের উপকরণ। এই তিনটি বিষয়েই আজ বিশ্ব, এমনকি জাতিসংঘও সংকটে রয়েছে।

তিনি বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট যে উদ্যোগ নিয়েছে, তার বৈশ্বিক গুরুত্ব রয়েছে। যাকাত শুধু আর্থিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। যাকাত দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা তদারক করাও প্রয়োজন। যাকাত প্রদান থেকে শুরু করে অর্থ ব্যবহারের প্রতিটি ধাপেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970