শারদীয় দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ রপ্তানি, ১২ দিনে গেছে ১৩৬ টন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরু হওয়ার প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ, আর আখাউড়া বন্দর দিয়ে আরও ৩৭ টন রপ্তানি হয়েছে।
সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করেছে। তবে হাতে মাত্র এক সপ্তাহ বাকি থাকায় অনুমোদিত পরিমাণ পুরোপুরি রপ্তানি করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের মতে, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণ কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা। রপ্তানিকারকরা মনে করছেন, এত অল্প সময়ে সম্পূর্ণ চালান রপ্তানি করা কঠিন হবে।
গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন ইলিশ রপ্তানি হয়েছিল।
উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও, বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে।